সেই ঝরণা রাণীর ছেলেকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদেরদিনে জঙ্গি হামলায় নিহত ঝরণা রানী ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেসরকারি এনঅরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে ঝরনার ছেলে বাসুদেবকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার তার হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, আজ থেকে দেড় বছর আগের কথা। ঈদুল ফিতরের দিন সকাল পৌনে ৯টা পর্যন্ত সবই ছিল ঠিকঠাক। বড় ছেলে বাসুদেব ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। তার প্রিয় খাবার বানাতে ব্যস্ত ছিলেন ঝরনা রানী ভৌমিক। বিশেষ দিন, তাই ছোট ছেলে শুভদেবও নানা বায়না ধরেছে বিশেষ কিছু খেতে। সকালের রান্না শেষ না হতেই দুপুরের রান্নার চিন্তায়ও ব্যস্ত ছিলেন ঝরনা রানী। সকালে পরিবারের সবার চোখে-মুখে আনন্দের ঝিলিক। কিন্তু একটু পরেই সেই আনন্দ পরিণত হলো বিষাদে। বুলেট কেড়ে নিয়েছে ঝরণা রানীর জীবন। একই সঙ্গে পরিবারের সুখ ও শান্তি।
গত বছর ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছিল কিশোরগঞ্জসহ গোটা দেশজুড়ে। সকাল পৌনে ৯টা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তখন লাখ লাখ মুসল্লির সমাগম। চলছিল নামাজের প্রস্তুতি। ঈদগাহ মাঠের পশ্চিম দিকে প্রায় ১৫০ গজ দূরে আজিমউদ্দিন স্কুলের পাশে সবুজবাগ গলির মুখে জঙ্গি হামলায় দুজন পুলিশ সদস্য নিহত হন। এর একটু পরেই সবুজবাগ মহল্লায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। এ সময় ভৌমিক নিবাসের শোবার ঘরের ভেতরেই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ঝরণা রানী ভৌমিক। তার স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরির একজন অল্প বেতনের কর্মী।




