slider

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে বাউল শিল্পীসহ নিহত ২

পতাকা ডেস্ক: সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান (৩৫) ওরফে পাগলা হাসানসহ দুইজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন একই গ্রামের সিরাজ আলীর ছেলে রুকন মিয়া (৩০), কাদির মিয়ার ছেলে লায়েস মিয়া (৩৫) ও জাহাঙ্গীর মিয়া (৩৫)।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাত্তার (৫২) নামের আরেক ব্যক্তি এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসানসহ আরও ৪ জন। ফেরার পথে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাত্তার নিহত হন। বাকি আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাতক স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক আছে।

বাউল শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান আসমানে যাইওনারে বন্ধু, জীবন খাতাসহ বহু গান গেয়েছেন। তিনি সবার কাছে পাগল হাসান হিসেবে পরিচিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button