সুতালড়ী ইউনিয়নে উপনির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ১১নং সুতালড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল (২ নভেম্বর) বৃহস্পতিবার। গত ৮ জুন আ’লীগের দলীয় চেয়ারম্যান আব্দুস ছালামের মৃত্যুতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ২৬৪০ জন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
উপনির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু ছাড়াও বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ানী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক বাদল আনারস প্রতীক ও বিএনপি সমর্থক আব্দুল হক মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ জানান, “নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি শেষ। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও কেন্দ্রে থাকবে। কোনো প্রকার বিশৃঙ্খলার সুযোগ নেই।”




