slider

সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ : ৪ লাখ লিটার তেল খালাস, নিখোঁজদের উদ্ধারে অভিযান

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনী-২’ থেকে ৪ লাখ লিটার পেট্রোল ও ডিজেল সরিয়ে ডিপোতে নেয়া হয়েছে। আর নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১০টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকর্মীরা।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে খুঁজে বেড়াচ্ছেন।

জানা যায়, সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরের একটি তেলের ডিপোতে খালাস করার জন্য আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।

আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও নিখোঁজ হন আরো চারজন।

বাংলাদেশ কোস্টগার্ড অপারেশন অফিসার লে. মো: শাফায়েত বলেন, বিস্ফোরিত জাহাজের নিখোঁজদের সন্ধানে বরিশাল থেকে ঝালকাঠি পর্যন্ত বিস্তৃত এলাকায় উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত কারো সন্ধান পাওয়া যায়নি। তবে কার্গোটিতে বহন করা বিপুল পরিমাণ জ্বালানি রক্ষা করায় নদীর পানিসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button