সুইডেনের মসজিদে নিউজিল্যান্ডে নিহতদের সম্মানে মানবঢাল
সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদে নামাজ পড়া মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানবঢাল তৈরি করেছে সুইডেনবাসী। গত সপ্তাহে নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চের জোড়া মসজিদে গুলিতে নিহতদের প্রতি সম্মান জানানোর জন্য এই মানবঢাল তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার জুমার নামাজের সময় মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশের অভূতপূর্ব এই ঘটনা ঘটে। সুইডেনের সংস্কৃতি এবং গণতন্ত্রমন্ত্রী আমান্ডা লিন্ড তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে জানান, মুসলমানদের শুক্রবারের প্রার্থনা যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করার লক্ষ্যে সুইডিশবাসী মসজিদে আসায় তিনি খুশী হয়েছেন।
তিনি উল্ল্বেখ করেন, এটা কেবল নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলার জন্যই নয় বরং বর্ণবাদ এবং ইসলামভীতির বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানিয়ে করা হয়েছে। এই কারণেই তারা সকলে একত্রিত হয়েছেন।
মসজিদের এই কর্মসূচিতে অংশ নেয়া ইহুদী ধর্মাবলম্বী ম্যাতিয়াস সুইডেনের টিভি এসটিভিকে জানান, গত সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে যে ৫০ জন মুসল্লি নিহত হন, তাদের সমর্থনে এই মানবঢাল তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ‘ক্রাইস্টচার্চে হামলার পর মুসলমানের মধ্যে যে দুঃখ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে এই ঘটনার মাধ্যমে আমরা তা ভাগাভাগি করতে চেয়েছি। ’ তিনি উল্লেখ করেন, পৃথিবীর অন্য প্রান্তে ঘটে যাওয়া ঘটনাও অন্যদের মধ্যে অনিশ্চয়তা এবং উদ্বেগের সৃষ্টি করে।
মসজিদের ওই মানবঢালে সুইডেনের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ছাড়াও ইহুদী ধর্মাবলম্বীরাও ছিলেন। এমনকি ধর্মের প্রতি বিশ্বাস নেই এমন মানুষজনকেও এতে অংশ নিতে দেখা গেছে বলে জানিয়েছে এসটিভি।
মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে লেখা একটি ব্যানারে একজন অংশগ্রহণকারী লিখেছেন, ‘আমরা তোমাদের সঙ্গে এবং তোমাদের পাশে আছি। ’
এদিকে ভিন্ন ধর্মাবলম্বী মানুষজন মুসলমানদের প্রতি যে সংহতি প্রকাশ করছে তাতে অভিভূত মদিনা সেজাদি নামে তরুণ এক মুসলিম। তিনি বলেন, ‘আমরা এই সমর্থনকে স্বাগত জানাই। এখানে উপস্থিত প্রত্যেকেই দেখাতে চাচ্ছে ঘৃণার চেয়ে তারাই বেশী শক্তিশালী। ’




