আন্তর্জাতিক সংবাদ

সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার প্রেসিডেন্টদের আমন্ত্রণে আজ (সোমবার) ওই দুই ইউরোপীয় দেশ সফরে যাচ্ছেন।
প্রেসিডেন্ট রুহানির দপ্তরের উপ প্রধান পারভিজ ইসমাইলি এ খবর জানিয়ে বলেছেন, হাসান রুহানি প্রথমে দু’দিনের সফরে বার্ন যাবেন। সফরে তার সঙ্গে থাকবে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধিদল।
ইসমাইলি জানান, সুইজারল্যান্ড সফরে প্রেসিডেন্ট রুহানি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রবাসী ইরানি নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন। সেইসঙ্গে এ সফরে ইউরোপীয় দেশটির সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

পারভিজ ইসমাইলি

ইসমাইলি আরো জানান, সুইজারল্যান্ড সফর শেষে অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রেসিডেন্ট রুহানি ভিয়েনা যাবেন। সেখানে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ হবে। পাশাপাশি ওই দেশটির সঙ্গেও ইরানের বেশ কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
এদিকে বার্নে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা জাব্বারি বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির দু’টি ইউরোপীয় দেশ সফর প্রমাণ করে, বিশ্বব্যাপী তেহরানকে কোণঠাসা করার যে নীতি মার্কিন সরকার নিয়েছে তা ব্যর্থ হয়েছে।
তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান অতীতের মতোই নিজের সগৌরব উপস্থিতি বজায় রেখেছে। ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক রক্ষা করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। #
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button