আন্তর্জাতিক সংবাদ

সীমান্ত থেকে স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয়া সংলগ্ন সীমান্ত থেকে স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া। তারা জানিয়েছেম তাদের ধারণা উত্তর কোরিয়াও একই কাজ করছে। এতদিন ধরে এক কোরিয়া অন্য কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানোর কাজে এসব স্পিকার ব্যবহার করতো। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর মধ্যকার ঐতিহাসিক কোরীয় বৈঠকের পর সম্পর্ক জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশ দু’টি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, শুক্রবার একে অপরের প্রতি হিংস্রতা দেখানো বন্ধ করে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাজ করতে রাজি হয়েছেন দুই কোরিয়ার নেতা। আসন্ন সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার স্পিকারগুলো প্রথমে সীমান্তে স্থাপন করা হয় ১৯৬০ এর দশকে। এরপর থেকে সেগুলোতে পপ সঙ্গীত থেকে শুরু করে খবর পর্যন্ত বাজানো হতো। মূলত সীমান্তের ওপারের সেনাদের লক্ষ্য করেই এমনটা করে আসছে দক্ষিণ কোরিয়া। যাতে করে তারা তাদের নেতা কিম জং উনকে সন্দেহ করে। সীমান্তজুড়ে ঠিক কতগুলো স্পিকার আছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি সিউল। তবে শুক্রবার কোরীয় বৈঠকের আগে উভয় দেশই তাদের স্পিকার বন্ধ করে দেয়।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, তারা তাদের অংশ থেকে স্পিকারগুলো সরিয়ে নিচ্ছে। মন্ত্রণালয় আরো জানায়, ওপারের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারাও একই কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button