
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) রাবার বুলেট ও স্পিড বোটের ধাক্কায় মো.মোরশেদ নামে এক বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নৌকা থেকে পড়ে আরও এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা.আজম আলী ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিজিবি স্পিড বোটের ধাক্কায় বাংলাদেশি আহত হওয়ার কথা স্বীকার করলেও রাবার বুলেট ছোঁড়ার অভিযোগ নিশ্চিত করেনি বিজিবি।
ইউপি চেয়ারম্যান জানান,আহত মো. মোরশেদ(৩২) মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। অন্যদিকে একই বয়সি নিখোঁজ ব্যক্তি হলেন-মনোহরপুরের চান মণ্ডলের ছেলে মো. ফকির। তিনি জানান, বুধবার সন্ধ্যায় মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন মোরশেদ, ফকির ও আরও কয়েকজন। এ সময় বিএসএফের সদস্যরা দূর থেকে তাদের উপর রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে বিএসএফের টহলের জন্য ব্যবহৃত স্পিড বোট উঠিয়ে দেয়া হয় মোরশেদ ও ফকিরের নৌকার উপরে। এতে তাদের নৌকাটি উল্টে যায়। পরে অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. ফকির।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আর এম ও) আব্দুস সামাদ জানান, আহত ব্যক্তির সোল্ডারে(ডানায়) ছড়রা গুলির চিহ্ন ছিল। তাঁকে বুধবার রাত আটটার পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আহত ও নিখোঁজ বাংলাদেশিরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যায়। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে এবং স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও অপর একজন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে কোন গুলির ঘটনা ঘটেনি বলে আমাদের জানিয়েছে বিএসএফ।আমরা ঘটনার খোঁজ নিচ্ছি



