আইন আদালতশিরোনাম

সিনহার বিরুদ্ধে মামলা করে ফেঁসে যাচ্ছেন নাজমুল হুদা

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছিলেন বিএনপির সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। কিন্তু তদন্তে ওই মামলার সত্যতা না পাওয়ায় উল্টো ফেঁসে যাচ্ছেন তিনি।
বুধবার (০৪ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্তে নাজমুল হুদা করা মামলার সত্যতা পাওয়া যায়নি। তাই এসকে সিনহাকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে ‘মিথ্যা মামলা দায়ের করা’র অভিযোগে উল্টো তার বিরুদ্ধেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
গত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এসকে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে দুদক তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
তদন্তের পর তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মামলাটি কাল্পনিক ও সাজানো প্রমাণিত। অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নাজমুল হুদা মিথ্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি প্রমাণিত হওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
উল্লেখ্য, ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। নাজমুল হুদা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি। এই জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীনে জোটে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button