সিংগাইর শতভাগ বিদ্যুতায়ন উপজেলায় উন্নীত

নিজস্ব প্রতিনিধি : “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”। “মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ”। এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য পূরণের অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইর শতভাগ বিদ্যুতায়িত উপজেলার স্বীকৃতি পেল।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে যুক্ত হয়ে সিংগাইরকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলার স্বীকৃতি স্বরুপ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একই সময়ে মানিকগঞ্জ সদর, শিবালয় ও দৌলতপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমেরও উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন প্রমুখ।
সিংগাইর পল্লী বিদ্যুৎ অফিস থেকে জানা গেছে , উপজেলার ১শত ৮৮ টি গ্রামে ১ হাজার ৪ শত ৮৫ কিলোমিটার লাইনে ১ লক্ষ ৬ হাজার ৫ শত ১১ টি সংযোগ প্রদান করা হয়েছে । এ ছাড়া ৮০ এমভিএ ধারণ ক্ষমতার ৫ টি উপকেন্দ্রও রয়েছে। উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পে মোট ২৫১.৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলেও জানা যায়।




