slider

সিংগাইরে ৫ম শ্রেনীর ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পলাতক

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : অভাব-অনটনের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীর (১১) সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ ওঠেছে। গর্ভবতী ওই স্কুল ছাত্রী লজ্জা-অপমানে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে।
এদিকে, ঘটনাটি প্রকাশ পাওয়ায় অভিযুক্ত মোহন (৫৮) গাঁ ঢাকা দিয়েছে। সে ওই গ্রামের মৃত আছর মোল্লার পুত্র ও ৩ সন্তানের জনক। পেশায় একজন মাছ ব্যবসায়ী তবে মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করে বলে জানা গেছে।
সরেজমিন শনিবার (৬ আগস্ট) দুপুরে ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, মোহন ওই ছাত্রীকে ফুঁসলিয়ে খাসেরচর বাজারের আলীম মেম্বারের নিশাত-সিফাত এন্টার প্রাইজ নামের টিনের দোকানের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২৮ জুলাই একটি বেসরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী গর্ভের সন্তানের বয়স ২৪ সপ্তাহ ১ দিন।
ভিকটিমের মা জানান, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। অন্যের বাড়িতে ভাড়া থেকে ঝি-এর কাজ করেন। স্বামী কৃষি শ্রমিক। ৩ সন্তানের মধ্যে তার এই মেয়েটি সবার ছোট। ঘটনা প্রকাশ পাওয়ায় ১০/১২ দিন আগে অভিযুক্ত মোহনের বোন ছকিনা আমাদের ২ হাজার টাকা দিয়ে গর্ভের সন্তান নষ্ট করতে বলেছিলো। আইনের আশ্রয় প্রসঙ্গে বলেন, আমরা গরীব মানুষ থানা পুলিশ বুঝি না । ঘটনাটির সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।
অভিযুক্ত মোহনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল নম্বর চাইলে তার স্ত্রী ও পুত্র বধু বলেন তিনি ফোন ব্যবহার করেন না। স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আলীম মুঠো ফোনে বলেন, আমি ৩ দিন যাবত এলাকার বাইরে আছি। তবে একাধিক লোকের মাধ্যমে আমি ঘটনাটি শুনেছি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. সফিকুল ইসলাম মোল্যা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button