slider

সিংগাইরে সেতু আছে সংযোগ সড়ক নেই, জনদুর্ভোগ চরমে

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর বটতলা খালের ওপর প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে সেতুটি নির্মাণ করা হলেও উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন দু’পাড়ের হাজারো মানুষ। ৬ বছর পেরিয়ে গেলেও এ দুর্ভোগের কোনো সমাধান হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটির দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৬০ ফুট দৈর্ঘ্যরে সেতুটি ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকস সেতুটির সংযোগ সড়ক ছাড়াই প্রকল্পের কাজ শেষ করে। ২০১৮ সালের শুরুতে স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম সেতুটির উদ্ভোধন করেন। এরপর দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি। এতে একদিকে অপরিকল্পিত সেতু নির্মাণে অপচয় হয়েছে সরকারের বিপুল পরিমাণ অর্থ । যা জনস্বার্থে কোনো কাজেই আসছে না। অন্যদিকে, কৃষিপণ্য পরিবহণ করতে না পেরে ৩-৪ কিলোমিটার রাস্তা ঘুরে বাড়তি অর্থ ও সময় ব্যয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। এ অঞ্চলের কৃষক যাতায়াত ব্যবস্থার কারণে উৎপাদিত শাকসবজি সময় মতো বাজারজাত করতে না পেরে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় কৃষক হাবিব মোল্লা, রিংকু মোল্লা ও ফারুক হোসেনসহ অনেকেই জানান, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সমস্যার সমাধান হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। জনকল্যাণে নির্মিত সেতুটি এখন চরম দুর্ভোগের কারণ। আমরা দ্রুত এর সমাধান চাই।

সায়েস্তা ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকসের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল হালিম বলেন, এটাতো ব্যয়বহুল বিষয়, ইতিমধ্যেই এমপির কাছে দু’টি প্রকল্প দিয়ে রেখেছি। দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া ব্রীজ করার সময় রাস্তা করে দেয়া হয়েছিলো। মানুষজন চলাচল করতে পারতো, পরবর্তীতে বন্যায় ভেঙ্গে গেছে।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন বলেন, ওই সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিলো কিনা খতিয়ে দেখে সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button