
সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের জায়গায় নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত)স্বপন কুমার সরকার,এসআই মো.রেজাউল হক, সার্ভেয়ার মো.আবু সাঈদ ও ধল্লা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা(নায়েব) আবু তাহেরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন জায়গায় স্থানীয় আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী সেমিপাকা দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে প্রতিনিয়ত সড়কে প্রতিবদ্ধকতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দোকান মালিককে স্থাপনা সরিয়ে নিতে একাধিক নোটিশ দেয়া হয়। এতে তিনি কোন কর্নপাত করেননি। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভেক্যু দিয়ে দোকান ঘর ভেঙে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মান করে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ব্যবসা পরিচালনা করে আসছিল। তা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানান,এভাবে যারা সরকারি জমি ও নদী-খাল দখল করে স্থাপনা নির্মাণ করবে আমরা সেগুলো উচ্ছেদসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




