সিংগাইরে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত, দুই র্যাব সদস্য আহত

সিরাজুল ইসলাম,সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। নিহত ব্যক্তি জয়পুরহাট জেলার পাচঁবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে কায়সার হামিদ (৪৫)। সে বিভিন্ন থানার ৯টি মামলার এজাহার ভুক্ত আসামি বলে জানা গেছে।
গত বুধবার দিবাগতরাত পৌনে ২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, র্যাব-৩ সিপিসি-৩ মানিকগঞ্জ এর একটি টিম সিংগাইর উপজেলার চারিগ্রাম মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাওয়ার সময় পথিমধ্যে আলম মার্ডার ব্রীজে পৌছালে উৎপেতে থাকা ডাকাত দলের সদস্যরা র্যাবের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি চালায়। র্যাব সদস্যরাও আত্মরক্ষার জন্য তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের পাল্টা-পাল্টি গুলি বর্ষণে ডাকাত দলের সর্দার নিহত হয়। এ সময় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে ব্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা রাস্তায় চলাচলকারী যানবাহন থামাতে গুলি ছোড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুবৃত্তরা সর্বস্ব লুটে নিয়ে যায়। র্যাবের ওপর হামলার ঘটনা এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আমাদের সদস্যরা মাইক্রোবাসে ছিলেন। সন্ত্রাসীরা সেটাকে সাধারণ যাত্রীর গাড়ি মনে করে গুলি চালাতে পারে। আমাদের গাড়িতে গুলি চালানো পর র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার কাউছার নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গভীর রাতে তারা গোলাগোলির কোনো শব্দ পাননি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত ডাকাতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।




