
সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে সুবর্ণা আক্তার (১৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় গৃহকর্তার পুত্র আরিফসহ দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, সোমবার (৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে। নিহত সুবর্ণা আক্তার বেলুন বিক্রেতা হাসান মিয়ার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। তার পৈতৃক বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। আহত আরিফ হোসেনকে (২২) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরনে প্রতিবেশী এক নারীও আহত হন।
স্থানীয়রা জানান, উপজেলার মধ্য চারিগ্রামের মো. হাসান মিয়ার বাড়িতে সকাল ১০ টার দিকে বেলুন ফুলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে গ্যাস তৈরি করছিল আরিফ। এ সময় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিকটশব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে গৃহবধূর বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বিস্ফোরণের বিকট শব্দে প্রতিবেশী কাওছারের স্ত্রী জোস্না আক্তার(৩৩) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




