সিংগাইরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেনকে (২৬) আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাকে ধল্লা পুলিশ ক্যাম্প পোড়ানো ও ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: মুত্তালিব নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা উলামাবাদ গ্রামের মো: সিরাজুল ইসলাম ফিরোজের ছেলে। সে সিংগাইর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের অনুসারী।
জাকির হোসেনের বাবা সিরাজুল ইসলাম বলেন, গত বুধবার দিবাগত গভীর রাতে তার বাড়িতে বড় ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম আশরাফকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার অন্য দুই ছেলেকে গ্রেপ্তার করতে ঘরে তল্লাশী চালিয়ে তাদের ধরতে ব্যর্থ হন । পর দিন ছোট ছেলে জাকির বাড়ির অদূরে ধল্লা বাজার রোডে তার ব্যবসা-প্রতিষ্ঠান সাবিকুন্নাহার গ্রোসারি স্টোরে মুদি মাল বিক্রি করতে ছিল। দুপুরের দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন, জাকির হোসেনসহ তার পরিবারের কেউ পুলিশ ক্যাম্পে হামলা ও লুটপাটের সাথে জড়িত না। সেই সাথে মামলারটি সঠিক তদন্তের দাবিও জানান গ্রেপ্তারকৃতের বাবা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বিকেলে একদল দুষ্কৃতিকারী পুলিশ ক্যাম্পে হামলাসহ লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি এ মামলায় সায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসলেম উদ্দিন চৌকদার ও ধল্লা গ্রামের রমজান খানকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। বয়স বিবেচনায় অসুস্থতার কারণে মুসলেম উদ্দিন চৌকদার জামিন পেলেও রমজান খান এ রিপোর্ট লেখা পর্যন্ত জেল হাজতে রয়েছেন।




