
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে হাতনি এলাকায় কবরস্থানে মাটি ভরাট ইস্যুকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার সুদক্ষিরা এলাকায় অবস্থিত হাজী শহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন- মানববন্ধন করে ও উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় আমাদের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কবরস্থানে মাটি সরবরাহকরি ইয়াছীন গংরা দীর্ঘদিন ধরে তিন ফসলি জমির মাটি কেটে হাতনি কবরস্থানে দেয়ার নামে বিভিন্ন স্থানে ড্রাম ট্রাকে বিক্রি করে আসছে ।
তিনি আরও বলেন, ড্রাম ট্রাকগুলো অবৈধভাবে চলাচল করছে। ফলে সড়ক নষ্ট হচ্ছে এবং আশপাশের বাড়িঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা এসব অনিয়মের প্রতিবাদ ও বাধাঁ দিলে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে মামলায় জড়ানো হয়।
আরো বক্তব্য রাখেন, স্থানীয় হাজী শহিদুল ইসলাম, কহিনুর ইসলাম ও আলামিন। বক্তারা বলেন, তারা কবরস্থানের উন্নয়ন কাজের বিরোধী নন। তবে তিন ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি ও পরিবহনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ কারণে একটি মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তারা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিও জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, লিটন মাহমুদ, মুখলেছুর রহমান, জহিরুল ইসলাম, লিয়াকত আলী ও হ্নদয় আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



