
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জোরপূর্বক সনাতন ধর্মালম্বী এক ব্যক্তির জমি দখল করে গাছ ও পিলার গাড়ার অভিযোগ উঠেছে শাহিদুল শেখ (৪৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। শাহিদুল শেখ উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজগর শেখের ছেলে। অভিযোগকারী সনজিৎ কুমার দাস একই গ্রামের মৃত মোকন্দলাল দাসের ছেলে।
এ বিষয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সনজিৎ কুমার দাস। সনজিৎ ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪০ বছর আগে জমিটা ক্রয় করে ভোগ দখল করে আছেন তিনি। গত কয়েক মাস ধরে অভিযুক্ত শাহিদুল শেখ জমি নিজের দাবী করে বারবার দখল কারার চেষ্টা করেন। সোমবার (২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে শাহিদুল তার লোকজন নিয়ে গিয়ে জমিতে কলা গাছ ও পিলার গাড়তে থাকেন। সনজিৎ কুমার দাস খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শাহিদুল ও তার লোকজনদের ব্যাধা দিলে শাহিদুল ও তার লোকজন তাকে গালিগালাজ ও আক্রমণ করেন। পরে তিনি ঘটনা স্থল থেকে পালিয়ে গিয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযোগকারী সনজিৎ কুমার দাস বলেন, জমি বিএস খতিয়ানে আমার নামে রেকর্ড রয়েছে। যাহার ফুলবাড়িয়া মৌজার খতিয়ান নং ২০১৬ দাগ নং ৪৪৬ ও ৪৪৭। ওদের রাস্তার ওপাড়ের দাগ ৫১১, ৫১২, ৫১৩ তবুও জোর করে রাস্তার এপাড়ে এসে দখল করে গাছ লাগাচ্ছে। এখন ওদের জমির আশেপাশের জমি দখলে নিতে চাচ্ছে। ওদের জমির সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ওরা আমাদের হিন্দু মানুষ পেয়ে ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহিদুল শেখ বলেন, এই জমি আমার বাবা আমাকে লিখে দিয়েছেন। আমার জমির উপর দিয়ে সরকারি রাস্তা গিয়েছে। রাস্তা ছেড়ে দিয়ে আমি আজ আমার জমির সীমানায় পিলার ও গাছ লাগিয়েছি। এই জমি নিয়ে আমি ভূমি অফিসে অভিযোগ করে ছিলাম। ভূমি অফিস থেকে তাকে ডাকলে তিনি বিভিন্ন সময়ে অজুহাত দেখিয়ে সেখানে যাননি। তিনি আমার জমিসহ সরকারি জায়গাও দখল করে আছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে থানায় ডেকে সঠিক সমাধানের চেষ্টা করা হবে।




