
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের খাগর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার। অভিযানে সালথা থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
কারাদণ্ডে দণ্ডিতরা হলেন, উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের লতিফ শেখের ছেলে সাহেব আলী শেখ (৩৬) ও একই গ্রামের মো. কাশেম মাতুব্বরের ছেলে মো: তামিম মাতুব্বর (২৫)।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খাগর এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে ২ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ড্রেজার মেশিন অকেজো ও প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।




