
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হিরা মনি (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া কাজীপাড়া এলাকায় একটি কলা বাগানের মধ্যে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। হিরা মনি বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী ও এক সন্তানের জননী।
যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সাথে ঝগড়া করে হিরামনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুজতেছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে বড়খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনার পর থেকে নিহত গৃহবধুর স্বামী চুন্নু পলাতক রয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




