সামাজিক দুরত্ব নিশ্চিত না করেই মানিকগঞ্জে তামাক কিনছে ট্যোবাকো কোম্পানী

নিজস্ব প্রতিনিধি : তামাক এমনিতেই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ন। তার উপর বিদ্যমান করোনা পরিস্থিতিতে চাষীদের কোন রকম স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্ব নিশ্চিত না করে খোলা ময়দানে মানিকগঞ্জে একাধিক ট্যোবাকো কোম্পানী কৃষকদের কাছ থেকে তামাক কেনার অভিযোগ উঠেছে। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই মারাত্বক স্বাস্থ্য ঝুকির মুখে রয়েছে।
শনিবার সদর উপজেলার গড়পাড়া উত্তর ডাউলী এলাকায় গিয়ে দেখা গেলে এমন হ-য-ব-র-ল পরিস্থিতি। স্থানীয় একটি জামে মসজিদের সামনে খোলা ময়দানে তামাকে বেচা কেনার পসরা বসিয়েছেন নাসির ট্যোবাকো নামের একটি তামাক ক্রয়কারী প্রতিষ্ঠান। অথচ তামাক ক্রয় করার আগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রতিটি কোম্পানী তামাক ক্রয়ের ক্ষেত্রে সামাজিক দুরত্ব নিশ্চিত করে তামাক ক্রয়ের অঙ্গিকার পত্র দাখিল করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেলো উল্টোচিত্র। সামাজিক দুরত্বতো দুরের কথা অধিকাংশ তামাক বিক্রেতাদের (কৃষকের) মুখে ছিলো কোন মাস্ক। এছাড়া কোম্পানীর প্রতিনিধি ব্যবস্থাপক নিজেও মাস্ক পড়েননি। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে তামাক কোম্পানী তামাক ক্রয়ের অনুমতি পত্র ঘেটে দেখা গেছে, প্রতিটি কোম্পানী তামাক ক্রয় করার সময় আগত বিক্রেতা(চাষীর) স্বাস্থ্যগত উপসর্গ যেমন, শরীরের তামমাত্রা থার্মাল মেশিন দ্বারা নিরক্ষণ করে তামাক ক্রয় কেন্দ্রে প্রবেশ করাতে হবে। এছাড়া যাদের মাস্ক নেই তাদের মাস্ক সরবরাহ করতে হবে। এছাড়া তামাক ক্রয় কেন্দ্রের বিভিন্ন জায়গায় সাবান দিয়ে হাত ধোয়াসহ জীবানুমুক্ত করণের ব্যবস্থা করতে হবে। সেই সাথে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ক্রয় কেন্দ্রের নির্র্দিষ্ট জায়গা গুলোতে ৩ ফুট দুরত্বে দাড়াঁনোর জায়গা চিহ্নিত করতে হবে। যার কোনটি নাসির ট্যোবাকো না মেনে খোলা আকাশের নিজে তামাক কিনছেন।
এব্যাপারে উত্তর ডাউলী এলাকায় গিয়ে কথা হয় নাসির ট্যোবাকো লিমিটেড এর ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সাথে। যদিও তাদের মুখে মাস্কও পড়েননি। এছাড়া অধিকাংশ তামাক চাষীর মুখে ছিলোনা মাস্ক। আর হাত ধোঁয়াসহ ৩ ফুট দুরত্বে দাড়াঁনোর সামাজিক বেষ্টনি সম্পর্কে কোন চিহ্ন দেখা যায়নি। তবে ওই লিফ ব্যবস্থাপক জানালেন আগামীতে তামাক ক্রয়ের সময় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে তাদের কোম্পানীকে অবহিত করা হবে বলে জানান।
এছাড়া তিল্লী এলাকায় গিয়ে অপর একটি বিড়ি ফ্যাক্টরীর(আকিজ) এর অবস্থা প্রায় একই। সেখানে সামাজিক দুরত্ব নিশ্চিত করা না হলেও ব্যবস্থা রাখা হয়েছে হাত ধোঁয়া ও তামমাত্রা মাপার ব্যবস্থা।
এসব অনিয়ম প্রসঙ্গে জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানালেন, দেশের বর্তমান করোনা ভাইরাসউদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তামাক কেনা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




