সামগ্রিক উন্নয়নের সাথে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে হবে
রংপুর ব্যুরো : পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর বলেছেন, বর্তমানে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সাথে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে হবে। যারা অভিযোগ করেছে তারা কতটুকু প্রতিকার পেয়েছে। আমরা যে কর্মকর্তারা রয়েছি এ অভিযোগগুলো কি ভাবে নিষ্পত্তি করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার বিষয় নিয়ে কিভাবে প্রতিকার করা যায় আমরা ভেবেচিন্তে দেখব। নিষ্পত্তিকৃত অভিযোগগুলো নিয়ে কর্মকর্তাদের কিছু করার আছে কিনা সে বিষয়ে মূলত বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সাথে আজকের আলোচনা। এসময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের।
আজ রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবা গ্রহীতা ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও অভিযোগকারীগণ।



