সাভারে সড়ক দুর্ঘটনা : আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু
সাভার প্রতিনিধি : সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আরেক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ছয়জনে পৌঁছালো।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার এসআই গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।
ফারহানা ইসলাম নিপা (৩৫) পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নিউক্লিয়ার সায়েন্স বিভাগে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই এলাকার নজরুল ইসলামের মেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি স্টাফ বাস। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস স্টাফ বাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দু’জন বিজ্ঞানী, একজন প্রকৌশলী ও দুই বাসের চালকই নিহত হন। আহত হন প্রায় ৩০ জন।
ঘটনার দিন রাতে অজ্ঞাত চালককে আসামি করে সাভার হাইওয়ে থানায় পুলিশ একটি মামলা করেন।
নিপার ছোট ভাই তানভীর রায়হান রিফাত বলেন, আমার বোন স্বামীর সঙ্গে রাজধানীর কল্যাণপুরে বসবাস করতেন। সেখান থেকে সাভারে অফিস করতেন। তার লাশ ধামরাই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দাফন করা হবে।
পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ফয়েজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় নিপাকে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙ্গে যায় এবং মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সেখান থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।




