সাভারে স্টুডেন্ট ওয়েলফেয়ারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি : অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ঢাকা জেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাভারের বৃত্তি পরীক্ষা”২২।
শুক্রবার সকালে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের চারটি পরীক্ষা কেন্দ্র – রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ, গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজেরা খাতুন দাখিল মাদ্রাসা এবং আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রায় চার হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সকাল নয়টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১২ টায়। তিন ঘণ্টার এই পরীক্ষায় প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সকলে । অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়া লেখায় মনোযোগী হবে।
পরীক্ষা শুরু হওয়ার পর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। এ সময় তিনি বলেন, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিবছর সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের ৪র্থ থেকে ৯ম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। যাতে করে এই পরীক্ষা তাদের মেধা, মনন ও চিন্তার ধারাকে বিকশিত করে।
বৃত্তি পরীক্ষার বিষয়ে ওয়েলফেয়ারের পরিচালক রুহুল আমিন জানান, এই অঞ্চলের শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বৃত্তি পরীক্ষার মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
উল্লেখ্য, এ বছরের নিবন্ধন ১৮ই জুলাই থেকে শুরু হয়ে ২০শে অক্টোবর শেষ হয়। এই সময়ের মধ্যে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের স্কুল এবং মাদ্রাসার প্রায় চার হাজার শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে। পরবর্তীতে ২৮শে অক্টোবর, শুক্রবার সকালে নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। দেশের প্রখ্যাত শিক্ষাবিদদের উপস্থিতিতে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করে থাকে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার।
এ সময় ওয়েলফেয়ারের উপদেষ্টা ও সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাবেক পরিচালক আব্দুর রাকিব, আব্দুল কাদের, ফয়জুল ইসলাম, সাবেক সদস্য সচিব রাশেদুল ইসলাম, বর্তমান সদস্য সচিব সানোয়ার হোসাইন, রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল অরূপ চক্রবর্তী ও কার্যকরী সদস্য আনাস বিন মালেক, নাঈমুল ইসলাম, মনির হোসাইন, আবু সুফিয়ান, হাসিবুল হাসান, আব্দুল্লাহ আত তাওফিক, সাইফুদ্দিন এবং বিভিন্ন অঞ্চলের পরিচালকবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




