sliderস্থানিয়

সাভারে বিএনপি নেতার পরিচয়ে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

সোহেল রানা,সাভার : সাভারে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, মাদক কারবার ও আতঙ্ক সৃষ্টির পেছনে থাকা মূল হোতা শাহ আলী ওরফে রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে শুক্রবার দিবাগত রাতে সাভার পৌরসভার শাহীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরুলিয়া রোডের কালিয়াকৈর এলাকায় গাছ ফেলে চলাচলে বিঘ্ন ও ভয় সৃষ্টির ঘটনার তদন্তে শাহ আলী ওরফে রাকিব হাসানের নাম উঠে আসে। তদন্তে প্রকাশ পায়, সে সাভার ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ ডাকাত ও মাদক সিন্ডিকেট পরিচালনা করছিল।

এর আগে শুক্রবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে রাকিবই যে এই চক্রের মাস্টারমাইন্ড, তা নিশ্চিত হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর শাহ আলী ওরফে রাকিব হাসান নিজেকে বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের নেতা দাবি করে। তার ফেসবুক প্রোফাইলে বিএনপি নেতাদের সঙ্গে ছবি ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার তথ্যও পায় পুলিশ। তবে এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক পরিচয় বদলালেও তার অপরাধী চরিত্র বদলায়নি।

পুলিশ জানায়, রাকিবের বিরুদ্ধে আগেও মাদক ও অপরাধমূলক একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে একটি বড় মাদক মামলায় তার সম্পৃক্ততার তথ্য মিললেও সে তখন পালিয়ে যায়।

শাহ আলী ওরফে রাকিব হাসান গ্রেপ্তারের পর সাভার পৌরসভা, বিরুলিয়া ও কালিয়াকৈর এলাকায় দীর্ঘদিনের ভীতিকর পরিবেশ কেটে গেছে বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ডাকাতি ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button