সাভারে নৃত্য শিল্পীর লাশ উদ্ধার

সাভার সংবাদদাতা : সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লা থেকে বেঁদে সম্প্রদায়ের নৃত্য শিল্পী ময়ূরীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক সাফায়েত হোসেন। এর আগে সকালে আড়াপাড়ার জমিদার বাড়ি মন্দির সংলগ্ন এলাকা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ময়ূরী সাভারের বেঁদেপাড়া অধ্যুষিত কাঞ্চনপুর এলাকার তাহের মিয়ার মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে সাভারের বাজার রোড এলাকায় ভাড়া থেকে বিভিন্ন অনুষ্ঠানে নাচগান করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ময়ূরী বয়সের তুলনায় দেখতে ছোট হলেও সাভারসহ বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সংসার চালাতেন। এলাকায় তার জনপ্রিয়তা ছিল বেশ।
থানা-পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বুধবার রাতে নৃত্য শিল্পী ময়ূরী পৌর এলাকার আড়াপাড়া জমিদার বাড়ি মন্দিরে নাচ-গান করে রাত ১০ টায় বাসার উদ্দেশ্যে চলে যান। পরে সকালে মন্দির সংলগ্ন এলাকার একটি গলিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ সময় তার নিজস্ব মুঠোফোন এবং সঙ্গে থাকা কোন টাকা পয়সা পাওয়া যায়নি।
নিহত ময়ূরীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বুধবার রাতে আড়াপাড়া এলাকায় একটি আশ্রমে কালীপূজার অনুষ্ঠানে নাচতে যায় ময়ূরী। ওই অনুষ্ঠানে নাচ শেষ করে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণ ও হত্যা শেষে তার সঙ্গে মোবাইল ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তর জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




