
পতাকা ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবির)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. আব্দুল মজিদ খান ইন্তেকাল করেছেন। বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
১৯২৯ সালে ফরিদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ফ্রান্স, স্পেন এবং মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রীধারী প্রথম বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি ও উইসকনসিন ইউনিভার্সিটিসহ নেদারল্যান্ডস, সুইডেন ও জর্ডানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ফ্রান্সের ‘অফিসার অফ দ্য অর্ডার অফ অ্যাকাডেমিক পামস’ সম্মাননায় ভূষিত হন তিনি। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অফ হিউম্যান লেটারস’ সম্মাননা পান। এছাড়া বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনে অনন্য ভূমিকার জন্য তাকে ২০১৩ সালে ‘ইমিরিটাস প্রেসিডেন্ট’ উপাধি দিয়ে সম্মানিত করে আইইউবি।
আইইউবি ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ সোশাল ওয়ার্ক, এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। আইইবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, কর্মকর্তা-কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থী জানাযায় অংশ নেন। শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুম্মা বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।



