sliderরাজনীতিশিরোনাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এবি পার্টির গভীর শোক

পতাকা ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক প্রকাশ করেছে। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য অধ্যায়।
তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চির সমুজ্জ্বল হয়ে থাকবে। দীর্ঘকাল ধরে তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন।
নেতৃদ্বয় আরও বলেন, ওয়ান-ইলাভেনের ষড়যন্ত্রকাল থেকে শুরু করে ফ্যাসিবাদী যুগে আধিপত্যবাদের ক্রীতদাসেরা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই মহীয়সী নেত্রীকে কারাবন্দি করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তাঁকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে, যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। মূলতঃ দীর্ঘকালের শারীরিক, মানসিক নির্যাতন ও চরিত্র হননের মত অমানবিক জেল-জুলুমের পরিণতিই আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু। দেশের গণতান্ত্রিক উত্তরণকালে তাঁর নেতৃত্ব আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল; আমরা তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করবো।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর সন্তানসহ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এবি পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয় এবং এই গভীর শোক যেন জাতি দ্রুত কাটিয়ে উঠতে পারে,সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button