জাতীয়শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেছেন

যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেকের সহধর্মিণী ইসমত আরা সাদেক ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনিই প্রথম যশোর থেকে সরাসরি জনগণে ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য হন। সংসদ সংসদ নির্বাচিত হয়ে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে পুনরায় যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।
১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এ,এস,এইচ,কে, সাদেক বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।
১৯৯৬ সালে তিনি কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন ও তখন থেকে কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য। ২০১৪ সালের ১২ জানুয়ারি তারিখে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।
২০১৪ সালের ১৫ জানুয়ারি তারিখে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button