sliderখেলাশিরোনাম

সাবেক ক্রিকেটার সামি আর নেই

পতাকা ডেস্ক : জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে রোহান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার হয়েছিল তার, ডিমেনশিয়ায়ও আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন অসুস্থ থাকা সামি স্বাভাবিক চলাফেরা ও করতে পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সামিউর রহমান সামি হার্ট অ্যাটাক, স্ট্রোক জনিত জটিলতায়ও ভুগছিলেন।
সামিউর রহমান সামি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। প্রখ্যাত ক্রীড়া পরিবারের অন্যতম সদস্য ছিলেন তিনি। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই সামি। তাদের বড় ভাই জিল্লুর রহমান সত্তর ও আশির দশকে ঢাকাই বাস্কেটবলের নামি তারকা।

৭০ ও ৮০’র দশকে ইউসুফ বাবু আর সামিউর রহমান সামি দুই ভাই একসঙ্গে আইসিসি ট্রফি খেলেছেন বাংলাদেশের হয়ে। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বপ্রথম এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সামিউর রহমান সামি ওই দুই ম্যাচেই বাংলাদেশের বোলিং উদ্বোধন করেন।
ঢাকাই ক্লাব ক্রিকেট মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে দীর্ঘ প্রায় ২০ বছর সুনামের সঙ্গে খেলেছেন সামি। বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে খেলা সামি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।
আজীবন সামিউর রহমান ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন, ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button