সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় এমপি কর্মহীনদের সহায়তায় ব্যস্ত সময় কাটাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি : হাতের মুঠোয় ধরা খয়েরি বলের ঘুর্ণি আর ২২ গজী ক্রিজে ব্যাট হাতে চার-ছক্কায় ঝড়তুলে দেশমাতিয়ে রাখা মানুষ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক অলরাউন্ডার ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঠে। তবে এই মাঠ তাঁর চিরচেনা ক্রিকেটের মাঠ না, মানিকগঞ্জের ৫৮৪.২৭ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল মাঠ। একটি না,দুটি না তিন তিনটি উপজেলার বন্ধনে গড়া মানিকগঞ্জ-১ নির্বাচনী এলাকার মাঠ। যে মাঠে এখন করোনা ভাইরাসের থাবায় হাজারো মানুষ কর্মহীন হয়ে পরেছে। তাদের মুখে অন্ন তুলে দিতে বিরামহীন ভাবে নিরন্তর ছুটে চলেছেন।
পদ্মা ও যমুনা নদী ভাঙনে বিপর্যস্ত দরিদ্র মানুষের অধিনায়ক এখন তিনি। এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য। ক্রিকেটের মাঠে নিষ্ঠা একাগ্রতা দিয়ে,ঘাম ঝরিয়ে,পুরো মাঠে ছুটে বেরিয়ে যেমন নজর কেড়েছিলেন, ভালবাসায় সিক্ত হয়েছিলেন, তেমনি তিনি একাগ্রতা নিয়েই দিনরাত ছুটে বেরাচ্ছেন করোনাক্রান্ত কর্মহীন অভাবী মানুষের দ্বারে দ্বারে খাদ্য নিয়ে। দুর্জয় সাহস যোগাচ্ছেন ওই সব অসহায় মানুষকে। ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে। নিজের নির্বাচনী এলাকা যেন তাঁর যৌবনের সেই ক্রিকেটাঙ্গন সেখানে যেমন সফল, জনতার মাঠেও তিনি কুড়িয়ে নিচ্ছেন সাধারণ মানুষের ভালবাসায় ভরা আশির্বাদের পালক।
এ প্রসঙ্গে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় জানালেন, বাবা অধ্যক্ষ এএম সায়েদুর রহমানও ছিলেন এই আসনের সংসদ সদস্য। তিনিও যেমন নানান দুযোগে সাধারণ মানুষের পাশে থাকতেন সেই বাবার কাছ থেকে শিখেছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। ক্রিকেট খেলা থেকে যেমন শিখেছি কোন ম্যাচের ক্লান্তি লগ্নে মনোবল দৃঢ রেখে খেলতে হয়। তেমনি এই মহা দুযোগে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে কম করে হলেও ৭ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। তিনি জানালেন,মানুষের বিপদে পাশে থাকার চেস্টা করি আর সেখানে শুধু এমপি হিসেবে নয় একজন সাবেক ক্রিকেটার হিসেবে ভাল লাগে।
প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু থেকে তিনি তার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে খাদ্য সহায়তা নিয়ে ছুটে গেছেন। যতদিননা এই অবস্থার উন্নতি না ঘটে তিনি তার নির্বাচনী এলাকা ছেড়ে যাবেন না বলে জানান।




