দুর্নীতিশিরোনাম

সাবেক এমপি ও তার স্বামী পুলিশের এআইজির ব্যাংক হিসাব তলব

অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আনিসুর রহমান, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএফআইইউ থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।
তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য ও বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে ।
চিঠিতে আনিসুর রহমানের বর্তমান ঠিকানা পুলিশের এআইজি (পিআইও), হেডকোয়াটার্স, ঢাকা’ উল্লেখ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য ও বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। আনিসুর রহমান ও তার স্ত্রী ছাড়াও তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
এফআইইউ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলমান অভিযানে অন্যদের মতো এআইজি আনিসুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে। সে অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আনিসুর রহমান এক বছর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন। একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন জোট তার বিরুদ্ধে অভিযোগ তোলার পর ইসি তাকে ওই জেলা থেকে সরিয়ে দেয়।
আনিসুরের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে নারী সংসদ সদস্য হয়েছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জে।
এদিকে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
এরআগে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের ক্যাসিনোয় অভিযান চালায় র‌্যাব। ওই রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনি সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর (শুক্রবার) নিকেতনে নিজের অফিস থেকে গ্রেফতার করা হয় যুবলীগ নেতা জিকে শামীমকে। যুবলীগের এই দুই নেতাকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এছাড়া কৃষক লীগের নেতা শফিকুল আলম ওরফে ফিরোজকে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) র‌্যাব গ্রেফতার করে।
গত ২২ সেপ্টেম্বর ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এসএম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়ালের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button