sliderখেলাশিরোনাম

সাফজয়ী কৃষ্ণাদের লাগেজের তালা ভেঙে টাকা-কাপড় চুরি

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামুসন্নাহারের লাগেজ ভেঙে ডলার, কাপড় ও অন্য জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। তিনজনের প্রায় দুই লাখ টাকার মতো চুরি গেছে। এ ছাড়া দলের অন্যান্য সদস্যের লাগেজেরও একই অবস্থা ছিল।
আজ বৃহস্পতিবার সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গতকাল বুধবার নেপাল থেকে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার নয় শ’ ডলার ও বাংলাদেশী ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের চার শ’ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’
এ ঘটনায় প্রচণ্ড হতাশ বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর জানতে পারি কৃষ্ণা, শামসুন্নাহারসহ আমাদের দলের ফিজিওর বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। টাকাপয়সাও হারিয়েছে। আমরা বিষয়টি সাথে সাথে কিরণ আপাকে (মাহফুজা আক্তার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং চেয়ারম্যান) জানিয়েছি। আপা এরই মধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। আশা করি, এ ব্যাপারে একটা সমাধান হবে।’
কৃষ্ণা ও শামসুন্নাহার দু’জনই সিনিয়র ফুটবলার। গত কয়েক বছরে তারা অনেকবার বিদেশে ভ্রমণ করেছেন। বাংলাদেশের বিমানবন্দরে এ রকম খোয়ানোর ঘটনা নতুন নয়। এরপরও এত ডলার লাগেজে রাখায় সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন। যদিও কৃষ্ণা ও শামসুন্নাহার দুজনে তালা দিয়েই লাগেজ ব্যাগেজে ডলার রেখেছিলেন। সেই তালা ভেঙেই চুরির ঘটনাটি ঘটেছে।
গতকাল বিমানবন্দরে সাফজয়ী ফুটবলাররা নামার পর চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সকাল থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন অসংখ্য মানুষ।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কয়েক শ ক্যামেরা ও সাংবাদিকদের ভিড় ছিল। ইমিগ্রেশন শেষ করে নারী ফুটবলারদের যে পথে আসার কথা ছিল, ওই পথে ছিল অসংখ্য সাংবাদিকের ভিড়। যে কারণে সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। মেয়েরা উঠে পড়েন ছাদখোলা বাসে।
বিমানবন্দরের লাগেজ বেল্টের এক পাশে পড়ে ছিল সাবিনা, কৃষ্ণাদের লাগেজগুলো। সেখানে থাকা কয়েক কর্মকর্তা কাল বলছিলেন, ‘এই লাগেজগুলো কাদের। কেউ নিচ্ছে না কেন?’ এরপর বাফুফের পক্ষ থেকে মেয়েদের লাগেজগুলো সংগ্রহ করা হয়। কিন্তু বাফুফে ভবনে গিয়ে খেলোয়াড়দের কয়েকজন নিজেদের লাগেজের তালা ভাঙা পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button