
পতাকা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পর চ্যাম্পিয়ন যুবাদের জন্য ছাদখোলা বাসে আনন্দ শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ট্রফি নিয়ে দেশে পৌঁছাবেন সাফজয়ী বীররা।
বাফুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফজয়ী যুবারা দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিশেষভাবে প্রস্তুত করা ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হবে। এই আনন্দ শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের জন্য এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাফুফে জানিয়েছে, আজ আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলোয়াড় ও কোচিং স্টাফদের এই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।
দেশের ফুটবলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য উদ্যাপনে দেশবাসীকেও পাশে চায় বাফুফে। আনন্দ শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফুটবলপ্রেমী সমর্থক ও সাধারণ জনগণকে বাফুফের পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল। এবার নারী দলের পর বয়সভিত্তিক এই দলের জন্যও ছাদখোলা বাসের ব্যবস্থা করায় ক্রীড়ামোদীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।



