সানিয়াকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি শোয়েবের

পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে সুযোগ হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। জাতীয় দল নিউজিল্যান্ডে থাকলেও মালিক তাই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন। স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও দুই বছরের ছেলে ইজহানকে অবশ্য নিয়ে যাননি সেখানে। তবে লঙ্কান ভক্তদের পরের আসরে স্ত্রী-সন্তানকে দ্বীপদেশটিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন শোয়েব।
করোনার কারণে বেশ বিপত্তিতে পড়তে হয়েছিল মালিক-সানিয়া জুটিকে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে শোয়েব পাকিস্তানে আর ছেলেকে নিয়ে ভারতে অবস্থান করছিলেন সানিয়া।
দুজনের সেই দূরত্ব অবশ্য পরে ঘুচে যায়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় সানিয়া ও ছেলে ইজহান মির্জাকে পাশে পেয়েছিলেন মালিক। এ সময় ছেলেকে নিয়ে সানিয়া পাকিস্তানেই ছিলেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মালিক বলেন, ‘হ্যাঁ, ওরা পাকিস্তানে এসেছিল। কারণ আমি সাত মাস ছেলের সঙ্গে দেখা করতে পারিনি। সানিয়া তাই পাকিস্তানে এসেছিল এবং আমার মা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে।’
শোয়েব-সানিয়া জুটির সঙ্গে দুবাইয়ে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাক্ষী ধোনিও কিছু সময় কাটিয়েছেন।
পরিবারকে শ্রীলঙ্কায় না নেওয়ার কারণ জানিয়ে মালিক বলেন, ‘আমার দুই বছরের ছেলের জন্য এতো ফ্লাইট সমস্যা হতে পারে। কিন্তু হ্যাঁ, তারা পরেরবার আসবে। শ্রীলঙ্কা আমার হৃদয়ে। এই দেশের আতিথেয়তা আমি খুব উপভোগ করি। আমার অনেক ক্রিকেটার বন্ধু এখানে আছে। এখানকার মানুষকে আমি ভালোবাসি, খাবার খুব উপভোগ করি।’
লঙ্কা প্রিমিয়ার লিগে ৩৮ বছর বয়সী মালিক খেলছেন জাফনা স্ট্যালিয়নসের হয়ে।




