সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : সাটুরিয়া চম্পা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চম্পা আক্তার উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামের মো. শুকুর আলীর স্ত্রী।
জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে উপজেলার তেবারিয়া গ্রামের আ. মজিদ মিয়ার ছেলে মো. শুকুর আলীর সাথে পুনাইল গ্রামের মো. আতোয়ার রহমানের মেয়ে চম্পার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শুকুর আলী সৌদি চলে যায়। একমাস পূর্বে শুকুর দেশে চলে আসে। সম্প্রতি চম্পার সাথে স্বামী শুকুরের পারিবারিক কলহ চলছিল।
সোমবার রাতে চম্পার সাথে স্বামী ও তার পরিবারের লোকজনের সাথে বাক বিতন্ডা হয়। এর পর শুকুর আলীর মেঝ ভাবী সেহরী খাওয়ার জন্য সবাইকে ডেকে তুলতে ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পায় চম্পার ঝুলন্ত লাশ। মঙ্গলবার সকালে সাটুরিয়া থানা পুলিশ ঘরের আঁড়ার সাথে চম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনার পরই শুকুর আলী ও তার ভাইয়েরা পলাতক রয়েছে। এদিকে চম্পা আক্তারের মা সালেহা আক্তার অভিযুক্ত শুকুরের ফাঁসি দাবি করে জানান, চম্পাকে শুকুর আলী ও তার পরিবার পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
তদন্ত কর্মকর্তা এস.আই নজরুল ইসলাম জানান, রাতে স্বামী স্ত্রী এক ঘরে ঘুমিয়েছিল। ভোর রাতে শুকুর আলী ঘরের আঁড়ার সাথে চম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ করার জন্য শুকুর আলীর পিতা-মাতাকে থানায় নিয়ে আসা হয়েছে।



