সাটুরিয়ার সাহেবপাড়ায় গরিবের ডাক্তার লুৎফর রহমান
নিজস্ব প্রতিনিধি : সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের গরিব মানুষের ডাক্তার লুৎফর রহমান। যিনি গত ৫ বছর ধরে ওই গ্রামের সহস্রাধিক দরিদ্র মানুষকে ফ্রি ওষুধ দিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বিনে পয়সার ডাক্তার খ্যাত লুৎফর রহমান মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি এই মহতী উদ্যোগকে আরও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ওই গ্রামে কিছু উদ্যোমী তরুণদের নিয়ে গড়ে তুলেছেন ‘মানুষ মানুষের জন্য সংগঠন’। এ সংগঠনের ব্যানারে শুধু স্বাস্থ্যসেবা নয় এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে থাকেন।
এ প্রসঙ্গে সাহেবপাড়ার বিনে পয়সার ডাক্তার লুৎফর রহমান জানালেন, তিনি খুব কাছে থেকে উপলব্ধি করেছেন গ্রামের অসহায় মানুষ কীভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। অনেকেই আছে পয়সার অভাবে, ওষুধ কিনে খেতে পারেন না। সেই ভাবনা থেকে তিনি সারা বছর বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে ভিজিট হিসেবে যেসব ফ্রি ওষুধ স্যাম্পল পান তা তিনি জমিয়ে বছরে একবার তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহস্রাধিক সুস্থ্য ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে থাকেন। শুধু ওষুধ বিতরণ করে তার দায়িত্ব শেষ করেন না তিনি। অবসর পেলেই শহর থেকে তার জš§স্থান সাহেবপাড়া গ্রামে ছুটে যান। তিনি ঘুরে বেড়ান দুস্থ মানুষের বাড়ি পর্যন্ত, খোঁজখবর নেন গ্রামের কে কে অসুস্থ। আর কী রোগে ভুগছেন। তা খুঁজে বের করে তিনি স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেন। প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের কাছেও তিনি নিজে ওইসব গরিব অসহায় রোগীদের নিয়ে যান। তিনি আরও জানালেন, সারা বছর বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে যেসব ফিজিসিয়ান স্যাম্পুল পান তা জমিয়ে এবং দু-একজন ঘনিষ্ঠ ডাক্তার বন্ধুর সহায়তায় তিনি বছরে একবার তার বাবা আনসার আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তার গ্রামের বাড়িতে দিনব্যাপী আয়োজনে করেন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান। ক্যাম্পে রোগী দেখেন ডা. মানবেন্দ্র সরকার মানব, ডাক্তার রাজিব বিশ্বাস, ফারজানা রহমান, ডাক্তার হুমায়ন কবির, ডাক্তার খায়রুল বাসার প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এতে সভাপতিত্ব করেন।



