
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে সাবেক উপজেলা চেয়ারম্যান আ.খ.ম নুরুল হক, সাটুরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেকুজ্জামান,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১ টা থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ ও সাটুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতে প্রেরণ করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, হরগজ গ্রামের মৃত আঃ হামিদের পুত্র আ.খ.ম নুরুল হক (৮৪) সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘিওর গ্রামের মৃত ওমর আলীর পুত্র মোঃ খালেকুজ্জামান (৫৯) সাটুরিয়া সরকারী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। নান্দেশ্বরী গ্রামের হাজী সোহরাব হোসেনের পুত্র মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগান্তর পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। পানাইজুরী গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র মোঃ মফিজুল রহমান (৩৮) আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। ফুকুরহাটি রাইল্ল্যা গ্রামের মৃত জবেদ আলীর পুত্র মোঃ আনিছুর রহমান (৫০) ফুকুরহাটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
থানা সূত্রে জানা যায়, আনিছুর রহমান, মফিজুল রহমান বিশেষ ক্ষমতা আইনে মামলা নং ৪ ১০/১১/২৫, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট ২৪ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হাবিবুর রহমান হাবিব এবং বাকি দুইজনকে অন্যান্য মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার কর্মসূচি পালনে বাধা প্রদান ও সাধারণ জনমনে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



