
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তার দাবিতে মধ্য গোলড়া এলাকাবাসী পিল (peal) ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর কারখানার দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকাল ৫ টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন নয়া ডিঙ্গি নামক স্থানে তারা সীমা এ্যাপারেলস লিঃ সংলগ্ন পিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ নিরাপত্তা বাউন্ডারী ওয়াল ভেঙ্গে দেয় স্থানীয় জনতা। এসময় গ্রামের দেড় দুই হাজার নারী পুরুষ মিলে কারখানার দক্ষিণ সাইটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে ১ হাজার মিটার উত্তরের মূল বাউন্ডারি ভাঙ্গতে শুরু করে। ভেতরে থাকা কয়েকটি গাছ কর্তন করে। ১৫ ফুট রাস্তা বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও স্থানীয় জনতা তাঁদের দাবিকৃত রাস্তা দুই ফ্যাক্টরীর মাঝখান দিয়ে বের করে।
এসময় উত্তেজিত জনতাকে থামানোর জন্য সেনাবাহিনীর একটি টিম এসে উপস্থিত হয়। সেনাবাহিনী উপস্থিত হওয়ার আগেই স্থানীয় জনতা তাঁদের দাবিকৃত রাস্তা নিরাপত্তা বাউন্ডারি ভেঙ্গে বের করে।
এর আগে গত ২৯ জানুয়ারি রাস্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। এরপর দফায় দফায় প্রশাসন, মালিক পক্ষ, স্থানীয় জনতা বসেও এর সমাধান হয়নি।
স্থানীয়দের দাবি প্রায় ১৭ বছর যাবত ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উপজেলার গোলড়া এলাকাবাসীর চলাচলের জন্য তারাসিমা এ্যাপারেলস্ লিঃ ও পিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর মাঝ খান দিয়ে একটি রাস্তা ছিল। উক্ত রাস্তাটি পিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ বাউন্ডারি করে বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। ১ কিলোমিটার রাস্তায় জন্য এলাকাবাসীকে ৬ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হয়।
পিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর জিএম মাসুম হাওলাদার বলেন, সম্পূর্ণ জোরপূর্বক অন্যায় ভাবে আমাদের ফ্যাক্টরীতে প্রবেশ করে এলাকাবাসী বাউন্ডারী ওয়াল ভেঙ্গে, ভেতরে থাকা সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি করে বেশ কিছু গাছ কর্তন করে। বাউন্ডারি ওয়াল ভাঙ্গায় ভেতরে থাকা মূল্যবান সম্পদ অরক্ষিত হয়ে গেছে।
সেনাবাহিনী স্থানীয় জনতা এবং দুই কোম্পানির লোকজনের সাথে কথা বলে দুই একদিনের মধ্যে বিষয়টির ফয়সালা করা হবে পরিস্থিতি শান্ত করে। ফয়সালা হওয়ার আগ পর্যন্ত স্থানীয় গ্রামবাসীকে আর কোনোরূপ কিছু করতে নিষেধ করেন এবং ফ্যাক্টরীর নিরাপত্তা কোনোরূপ ক্ষতি করতে নিষেধ করেন।




