সাগরে নিম্নচাপ, কেন্দ্রে বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার

সাগরে নিম্নচাপ। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এটা আরো সামনের দিকে যেমন অগ্রসর হতে পারে আবার আরো শক্তিশালী হতে পারে।
বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায়।
তবে আজ বুধবার সন্ধ্যার দিকে নিম্নচাপটি সামান্য কিছুটা উত্তরপূর্ব দিকে ঘুরে গেছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারী ধরনের উত্তাল থাকবে আবহাওয়া অফিস জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিন কিছুটা শুষ্ক পরিবেশ বজায় থাকলেও পরের দিন থেকে সারাদেশেই বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ডিসেম্বরের নিম্নচাপ থেকে সাধারণত: ঝড় হয় না। এবারেরটি থেকে হয়তো হবে না।
নিম্নচাপের প্রভাবে সারাদেশেই আবহাওয়া কিছুটা অদ্ভূত আচরণ করছে বলে আবহাওয়াবিদদের কাছে প্রতিভাত হচ্ছে।
তারা বলছেন, ডিসেম্বরের এ সময়ে সাধারণত দিনের তাপমাত্রা সহনীয় মাত্রায় থাকলেও রাতের তাপমাত্রা ক্রমশ: হ্রাস পেতে থাকে। কিন্তু কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা হ্রাস পাচ্ছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস করে। বিপরীত দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অফিস আজ বুধবার দিবাগত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে।
কয়েকদিন ধরে এরকমই চলছে। তবে আগামী ৫/৬ দিন পর রাতের তাপমাত্রা হ্রাসে পতে শুরু করবে। তখন হয়তো নিম্নচাপের কোনো প্রভাব দেশের কোথাও থাকবে না।
নিম্নচাপ সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (৯০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘণীভুত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন আকাশসহ প্রধানত: শুষ্ক থাকতে পারে। নদী অববাহিকায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।




