জাতীয়

সাংবাদিক ধ্রুবর মামলা প্রত্যাহার না হলে প্রতীকী কর্মবিরতি

বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা ২২ জুনের মধ্যে প্রত্যাহার করা না হলে ১০ মিনিটের প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে সাংবাদিক সমাজ।
আজ রোববার সচিবালয়ের সামনে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের আগে এ কর্মসূচি ঘোষণা করেন ৭১ টিভির রিপোর্টার নাদিয়া শারমিন।
নাদিয়া শারমিন বলেন, ২২ জুন বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১০ মিনিট প্রতীকী কর্মবিরতি এবং অফিসে যেসব সাংবাদিক কর্মরত থাকবেন তারাও সেখানে ১০ মিনিট কর্মবিরতি পালন করবেন। এরপর সাত সদস্যের একটি প্রতিনিধিদল তথ্য মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেন।
স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টার দিকে ‘সাধারণ সাংবাদিকবৃন্দ’র ব্যানারে ধ্রুবর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় জনগণের অধিকার খর্ব করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে কালো এ আইন বাতিল করতে হবে।
‘৫৭ ধারার অপব্যবহার করা হচ্ছে’ উল্লেখ করে মানিকগঞ্জের বিচারক মাহবুবুর রহমানের বিষয়ে প্রধান বিচারপতিকে তদন্ত করারও দাবি জানান সাংবাদিক নেতারা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্মমহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্মসম্পাদক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ইশারফ হোসেন ইসা ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সিনিয়র সাংবাদিক প্রবীর সিকদার, ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও চ্যানেল ২৪- এর সিনিয়র রিপোর্টার রাশেদ নিজাম, ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক শহিদুল ইসলাম রাজী প্রমুখ।
১১ জুন বিডিনিউজে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন করায় গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন মানিকগঞ্জের বিচারক মাহবুবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button