
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে ধামরাই প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা।
রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানারোড বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি ওয়াসিম হোসেন বলেন,রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।
ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের কন্ঠস্বর অনলাইনের প্রতিনিধি আ: কাদের বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।
মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি প্রতিনিধি আব্দুল রশিদ তুষার বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন-ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি আবু হাসান, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, দৈনিক সমকাল এর প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মিজানুর রহমান, ধামরাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক মনোয়ার হোসেন রুবেল,ধামরাই রিপোর্টাস ক্লাবের সভাপতি আদনান হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুর রউফ, চ্যালেন এস এর প্রতিনিধি রাসেন হোসেন,আর টিভির প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, প্রমুখ।




