
রতন রায়হান, রংপুর: সাংবাদিকদের ন্যায্য বেতন,কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যমের দাবিতে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র আহ্বানে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এই কর্মসূচির আয়োজন করে।
২১০ দিন ধরে সারাদেশের সাংবাদিকরা বিভিন্ন সময়ে আন্দোলন করলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় সাংবাদিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশে যে হারে পণ্য ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সেই তুলনায় সংবাদকর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা মেনে নেওয়ার মতো অবস্থায় নেই। গণতন্ত্র টিকিয়ে রাখতে এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতা অপরিহার্য। কিন্তু সাংবাদিকদের কর্মপরিবেশ নিরাপদ না হলে, ন্যায্য বেতন না থাকলে এবং স্বাধীনভাবে কাজের সুযোগ না থাকলে গণমাধ্যম তার মৌলিক ভূমিকা পালন করতে পারবে না।
২১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—সাংবাদিকদের ন্যূনতম মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সাংবাদিক হত্যা ও নিপীড়নের ঘটনার দ্রুত বিচার সম্পন্ন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে মনগড়া কেস দিয়ে সাংবাদিকদের হয়রানি বন্ধ ও সকল নির্যাতনের বিচার নিশ্চিতের দাবিও তুলে ধরেন বক্তারা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগরী ও জেলার আট উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিতকরণ শুধু সংবাদকর্মীদের কল্যাণের বিষয় নয়—এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যত, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিমূলক সমাজ গঠনের সঙ্গে গভীরভাবে জড়িত। তারা জানান, সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার এই আন্দোলন, একইসাথে নাগরিকের তথ্য জানার অধিকার সুরক্ষার আন্দোলনও।



