Uncategorized

সরকার-বিএনপি কোনো পক্ষই ঐক্য গড়তে আন্তরিক নয় : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতৃবৃন্দ বলেছেন, সরকার কিংবা বিএনপি কোনো পক্ষই স্বাধীনতা বিরোধী, জঙ্গীবাদ-মৌলবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে আন্তরিক নয়।
বুধবার জেএসডি স্টিয়ারিং কমিটির সভার এক প্রস্তাবে একথা বলা হয়।
এতে আরো বলা হয়, জেএসডির পক্ষ থেকে সরকারপ্রধানকে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী ‘জাতীয় ঐক্য’ গড়ার লক্ষ্যে ‘জাতীয় কনভেনশন’ ডাকার আহবান জানানো হয়েছিল। কিন্তু তিনি তা না করে জাতীয় ঐক্য হয়ে গেছে মর্মে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের প্রশ্নকে কার্যত উপেক্ষা করেছেন।
অন্যদিকে বিএনপিও সত্যিকার অর্থে দলগতভাবে স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী সম্পর্কে তাদের বক্তব্য স্পষ্ট করেনি।
এমতাবস্থায় সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী জাতীয় ঐক্যের প্রশ্নে দুই জোটের কারো উপরই নির্ভর করা যাচ্ছে না। তাই সন্ত্রাসী ক্রিয়াকর্ম-জঙ্গীবাদ-মৌলবাদের ধারক-বাহক ও স্বাধীনতা বিরোধীদের তাণ্ডব থেকে দেশ রক্ষার্থে জেএসডিই সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার সমাজ শক্তিসমূহের সমন্বয়ে ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবে।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সাভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া ফেরদৌসী, এস এম আনছার উদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button