
স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে সরকারের বিস্ময়কর মিথ্যাচার এবং বিভ্রান্তিকর বক্তব্য জনগণের মাঝে চরম ক্রোধের জন্ম দিচ্ছে। আওয়ামী লীগ ও সরকার বুঝতে ব্যর্থ হচ্ছে এই ক্রোধের পরিনাম বা পরিণতি কী হতে পারে।
বঙ্গবন্ধুকে নিয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের সরকারি অপকৌশল- বঙ্গবন্ধুকে ক্রোধের লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
নির্বাচনী ব্যবস্থা থেকে জনগণকে বিচ্ছিন্ন করার পরও অহরহ ‘জনগণের ভোটে নির্বাচিত’ বলে সরকারের দম্ভপ্রকাশ জনগণের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে।
আজ চট্টগ্রাম জেলা ও মহানগর জেএসডি কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নয়নের নামে, উন্নয়নের উন্মাদনায়, উন্নয়নের যূপকাষ্ঠে সরকার- গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারকে বলি দিয়েছে। সরকার দমনমূলক রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করে রাষ্ট্র ব্যবস্থাকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। এই সরকারকে ক্ষমতায় রেখে আর কোন সংকটের সমাধান হবে না।
দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রদেশ ও প্রাদেশিক পরিষদ গঠন, স্ব-শাসিত উপজেলা ব্যবস্থা প্রবর্তন সহ প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বল প্রয়োগ, রক্তপাত এবং সংঘর্ষ পরিহার করে জনগণের মালিকানায় ক্ষমতা হস্তান্তরে সরকারকে বাধ্য করার লক্ষ্যে আমাদের সংগ্রামের রূপ হবে- গণঅভ্যুত্থানমূলক। বিদ্যমান বাস্তবতায় গণমানুষের প্রতিবাদ-প্রতিরোধে গণবিস্ফোরণের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে আস্থাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। এজন্য শ্রমজীবী, কর্মজীবী, ও পেশাজীবী এবং দেশপ্রেমিক সাধারণ জনগণকে সংঘটিত করতে হবে।
নগরের নাসিরাবাদ কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক মুজতবা কামাল।
শফিউল আলম খোকন এর পরিচালনায় কাউন্সিল আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: জবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ছরোয়ার আজম আরজু, এস এম শামসুল আলম নিক্সন, আব্দুল মান্নান মাস্টার,মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, গণতন্ত্র মঞ্চের নেতা হাসান মারুফ রুমি, আব্দুল মালেক গাজী, তারিকুল আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে ৩ সাংগঠনিক জেলার কমিটি গঠন
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টারকে সভাপতি, সৈয়দ তারিকুল আনোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত হয়।
মুজতবা কামালকে সভাপতি, ছরওয়ার আজম আরজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়।
অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীকে সভাপতি, আমানুল্লাহ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি



