সরকারি চালসহ ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ নেতা আটক

সংবাদদাতা, চাঁপাইনবাববগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর (১০ টাকার চাল) ৫৬০ বস্তা চালসহ বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং এক ডিলারকে আটক করেছে পুলিশ। এছাড়া যথাযথ হিসাব পাওয়া যায়নি আরও ৪৭০ বস্তা (১৪.১ মে.টন) চাউলের।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
আটকরা হলেন- চাউল ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জজ ও ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
সদর থানা ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম বুধবার (১৮ সেপ্টেম্বর) থানায় ডিলার ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাউল উত্তোলন, মজুদ, বিক্রির শর্ত ভঙ্গ, প্রতরণা, আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে ১০৩০ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে ৩০.৯ মে.টন) চাউল যথাস্থানে পাওয়া যায়নি। ৫৬০ বস্তা পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে। ডিলারের সাথে চুক্তি মোতাবেক নসিপুর গ্রামের একটি গোডাউনে চাউল রাখার কথা থাকলেও সেখানে কোন চাউল পাওয়া যায়নি। এছাড়া উত্তোলনকৃত বাকী ৪৭০ বস্তা চাউলের ব্যাপারেও সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিযুক্তরা।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।




