
পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পেয়ে বিএনপি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল করবে দলটি।
সোমবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।
কিন্তু কর্মদিবসে রাস্তা বন্ধ করে সমাবেশ করলে জনদুর্ভোগ হয় কারণে দেখিয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আজকেও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়।’
তিনি বলেন, ‘সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে। যখন তখন যেকোনো সময় আওয়ামী লীগ যেকোনো স্থানে সভা-সমাবেশ করতে পারে। অথচ বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের সেই অধিকার নেই। এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে, তিনি হলেন শেখ হাসিনা।’
সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।




