সমাজ বদলের নিবেদিত সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান দরজী মিনু

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “শিক্ষা কাজ গণতন্ত্র, সমাজতন্ত্রের মূলমন্ত্র” সমাজ বদলের সংগ্রাম চলছে চলবে। গত দশকের ষাটের দশক ছিল শ্রেণী সংগ্রাম ও সমাজতান্ত্রিক আন্দোলনের অগ্নিকাল। আমাদের ভারতীয় উপমহাদেশে বৃটিশ বিরোধী আন্দোলনের পর শোষনমুক্ত অসাম্প্রদায়িক চেতনায় ভাষা ও স্বাধীনতার অর্জনের ম্যাগনাকার্ট ছিল ষাটের দশক। এই দশকে অসংখ্য মুক্তি পাগল বিপ্লবীরা তাদের ত্যাগ তিতিক্ষা ও জীবনের বিনিময়ে স্বাধীনতার সংগ্রামে যোগ দিয়েছেন এবং তাদের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
এমনিভাবে দেশের মধ্যসমতল জেলা মানিকগঞ্জের ঘিওর অঞ্চলে কুস্তা গ্রামে ৫ সেপ্টেম্বর ১৯৫৫ সালের নিজগৃহে জন্মগ্রহণ ও ৫ জুন ২০১৩ সালে মৃত্যুবরন করেন আজীবন বিপ্লবী একজন মিজানুর রহমান দরজী মিনু।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এর গৌরব অর্জন করেন তিনি। নিজ গ্রাম কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতিত্বের সহিত শৈশব কাটে তার। ঘিওর দুর্গা নারায়ণ( ডিএন) পাইলট উচ্চ বিদ্যালে পড়ার সময় কমরেড প্রমথ নাথ নন্দী,স্কুল শিক্ষক কমরেড আব্দুল হাকিম মাস্টার ও মিরান উদ্দিন মাস্টারদের আদর্শে উজ্জীবীত হয়েই পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তারপর এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করে বাবা কফিল উদ্দিন দরজীর রাজশাহীতে চাকরির সুবাদে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেখানেও তিনি ছাত্র ইউনিয়নের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। তারপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বিএ পাশ করেন। এখানেও তিনি ছাত্র ইউনিয়ন থেকে ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেলে ছাত্র সংসদ নির্বাচন করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ ভর্তি হলেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে হামলা মামলার শিকার হওয়ায় শিক্ষা সমাপ্তি করতে পারেনি। কর্মজীবনে তিনি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) তে চাকরি করতেন। সেখানেও তিনি শ্রমিকদেরকে সংগঠিত করে কর্মচারী শ্রমিক ইউনিয়ন গঠন করে শ্রমিকদের অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেন। তিনি দীর্ঘদিন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী উত্তাল ছাত্র আন্দোলনের সময়ও তিনি ঘরে বসে থাকেননি। তিনি এলাকায় এসে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করেন এবং ১৫ দলীয় জোটের মাধ্যমে আন্দোলন সংগ্রামে ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়নসহ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েন। তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদের পতন হলে দেশে গণতন্ত্র সুরক্ষায় তিন জোটের রুপরেখা হয় এবং তত্তাবধায়ক সরকার এর অধীনে ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তথা ৮ দলীয় জোটের ব্যানারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান দরজী মিনু কাস্তে প্রতিক নিয়ে নৌকা ও ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে আশানুরূপ সাফল্য অর্জন না করার চেয়েও একই বছর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন তাকে বেশ আহত করেন। তারপর ১৯৯২ সালে কমিউনিস্ট পার্টিতে বিলোপ বাদীদের আক্রমণে পার্টির অফিসসহ সংগঠন দুই ভাগ হওয়ায় তিনি চরমভাবে মর্মাহত হয়ে কিছুদিন সার্বক্ষণিক রাজনীতি থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন এবং ১৯৯৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করেননি। তারপর চার দলীয় জোট সরকারের সাম্প্রদায়িক সহিংসতায় ঘরে বসে থাকেননি বরং আন্দোলনের মাধ্যমেই লাল পতাকাতলে সামিল হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন তিনি অংশগ্রহণ না করে পার্টির আরেকজন লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা কমরেড আফসার উদ্দিন মাস্টার কে কাস্তে প্রতিকে লড়তে সহায়তা করেন। তিনি সবসময়ই গণমুখী চরিত্রের অধিকারী ছিলেন। তিনি মার্কসবাদী লেনিনবাদী শিক্ষায় দীক্ষিত হয়ে আজীবন লাল ঝান্ডা হাতে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। মানুষের যে কোন বিপদে পাশে থাকতেন। তিনি পৈত্রিক জায়গায় পিতা কফিল উদ্দিন দরজীর নামে কুস্তা কফিল উদ্দিন দরজী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
সংসার জীবনে তার একমাত্র ছেলে মাহবুবুর রহমান দরজী মুক্তি ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও মাটিবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক। তার বড় মেয়ে অষ্ট্রিয়া প্রবাসী এবং তার স্ত্রী রুনা রহমান ও ছোট মেয়ে লন্ডন প্রবাসী। কমরেড মিজানুর রহমান দরজী মিনু বেশ অসময়ে আমাদের ছেড়ে গত ৫ জুন ২০১৩ সালে মাত্র ৫৫ বছর বয়সে না ফেরা দেশে চলে যান। প্রয়াত কমরেড মিজানুর রহমান দরজী মিনু মেহনতী মানুষের মুক্তির আন্দোলনের যোগ্য পথপ্রদর্শক। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার দেখানো পথেই আমরা চলিব অবিরাম কমরেড লাল সালাম।
[লেখক- মো. নজরুল ইসলাম, সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিবি মানিকগঞ্জ ]




