বিবিধশিরোনাম

সমকামিতার দায়ে বন্দী মালয়েশিয়ান রাজনীতিবিদ পাচ্ছেন ‘রাজক্ষমা’

মালয়েশিয়ায় তিনবছর আগে সমকামিতার জন্য কারাদণ্ডে দণ্ডিত হন নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের অতীত ঘনিষ্ঠ মিত্র আনোয়ার ইব্রাহিম। তবে সম্প্রতি তাকে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন দেশটির রাজা। এছাড়া মাহাথির মোহাম্মদ নিজেও আনোয়ার ইব্রাহিমকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেছেন, তার রাজনৈতিক মিত্র আনোয়ার ইব্রাহিম- যিনি তিন বছর আগে সমকামিতার জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন- তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে রাজি হয়েছেন দেশটির রাজা। মাহাথির মোহাম্মদ আরো বলেছেন, তিনি আগামী দু’বছরের মধ্যে পদ ছেড়ে দেবেন এবং তখন আনোয়ার ইব্রাহিমই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

এর আগে, সমকামিতার অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে দুবার জেলে যেতে হয় এবং প্রথমবার তার কারাদণ্ড হয়েছিল মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী থাকার সময়ই। আনোয়ার ইব্রাহিম বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এবার মাহাথির মোহাম্মদের একটি নির্বাচনী অঙ্গীকারই ছিল যে তিনি আনোয়ার ইব্রাহিমকে মুক্ত করবেন।
নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজা আভাস দিয়েছেন যে তিনি অবিলম্বে ইব্রাহিমকে ক্ষমা করে দেবেন। মাহাথির মোহাম্মদ বলেন- এটা হবে সম্পূর্ণ ক্ষমা- যার অর্থ , তিনি যে শুধু ক্ষমা পাবেন তাই নয়, সঙ্গে সঙ্গেই তিনি মুক্তি পাবেন এবং তার রাজনীতি করার ওপরও কোন বাধা থাকবে না। উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিম দুজনেই এক সময় বারিসান নাসিওনাল কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ছিলেন। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button