রাজনীতি

সন্ত্রাসীরা মানবতার বিরুদ্ধে বিবেকবর্জিত শত্রু : খালেদা জিয়া

লাসভেগাসে হামলার নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসে স্থানীয় সময় রোববার রাতে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যু ও পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এহেন ভয়াবহতম রক্তাক্ত সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বন্দুকধারীর গুলিতে আক্রান্ত মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এই দুঃসময়ে তাদের বেদনার্ত জনগণ ও সরকারের ন্যায় আমিও সমব্যাথী। এই শোকাবহ ঘটনার সময়ে বাংলাদেশের জনগণ, বিএনপি এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে আছি।
তিনি বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসীদের রঙ একই। এরা মানবতার বিরুদ্ধে বিবেকবর্জিত শত্রু। এরা দুনিয়াজুড়ে সভ্যতার দেহে ছুরিকাঘাত করছে। এরা গণতন্ত্র, উন্নত সমাজ ও সংস্কৃতিসহ অগ্রগামী মানবজাতির শ্রেষ্ঠ কীর্তিগুলোকে ধুলায় মিশিয়ে দিয়ে আবারো মধ্যযুগীয় অন্ধকার ফিরিয়ে আনতে চাচ্ছে। আদিম পাশবিকতার এরা নব্য সংস্করণ। রক্তপায়ী বন্দুকধারী সন্ত্রাসীদের রক্তাক্ত তান্ডবে বিশ্বের দেশে দেশে মানুষের শান্তি, স্থিতি ও স্বাভাবিক জীবনযাপন নিরাপদহীন হয়ে উঠেছে। মানুষের এগিয়ে যাওয়ার উজ্জ্বল ভবিষ্যৎকে এরা দুঃস্বপ্নের বিভীষিকায় ঠেলে দিয়েছে। বেপরোয়া মানুষ হত্যাকারী উগ্রবাদীরা মানসিকভাবে অসুস্থ। এদের সৃষ্ট অন্ধকারময় পর্বের অবসান ঘটাতে হবে।
খালেদা জিয়া বলেন, সন্ত্রাসীরা যে দেশেরই হোক এদের স্থানীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙ্গে ফেলতে হবে। এজন্য শুভবুদ্ধিসম্পন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যু ও পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার পৈশাচিক ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
অপর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার ঘটনায় সমবেদনা জ্ঞাপন করে এই কাপুরুষোচিত হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, সারাবিশ্বের দেশে দেশে মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা, শান্তিপূর্ণ উৎসব ও নির্বিঘেœ চলাচলের ওপর সন্ত্রাসীদের বারবার বর্বরোচিত হামলা সমগ্র মানবজাতিকে গভীর সঙ্কটের মধ্যে নিপতিত করেছে। পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসীদের এহেন হামলা মানবজাতির অস্তিত্ব রক্ষায় বিরাট হুমকি।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সঙ্কটে আমরা সেদেশের জনগণ ও সরকারের পাশে আছি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বের বিভিন্ন এলাকায় ঘৃণ্য সন্ত্রাসবাদের অন্ধ হিংস্রতার বিরুদ্ধে প্রতিরোধে সামিল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সন্ত্রাসীদের বন্দুক হামলায় অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button